কোম্পানীগঞ্জে ধলাই সেতু ধ্বংসে ‘হোলিখেলা’: অধরাই থেকে যাচ্ছে জড়িতরা

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

কোম্পানীগঞ্জে ধলাই সেতু ধ্বংসে ‘হোলিখেলা’: অধরাই থেকে যাচ্ছে জড়িতরা

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ :: সিলেটের কোম্পানীগঞ্জের দীর্ঘতম ও দৃষ্টিনন্দন এম সাইফুর রহমান ধলাই সেতুর পিলার ঘেঁষে রাতের আঁধারে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে চরম ঝুঁকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি। সেতু রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীসহ উপজেলার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি দেওয়া হলেও থামছে না বালুখেকোদের দৌরাত্ম্য।

সম্প্রতি ধলাই সেতুর পিলার ঘেঁষে বালু ও পাথর উত্তোলনের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নজরে আনা হলে তিনি সেতু ধ্বংসের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

কিছুদিন অবৈধ উত্তোলন বন্ধ থাকলেও সম্প্রতি ফের তাণ্ডব শুরু হয়। গত কয়েকদিন ধরে ওত পেতে থাকা কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সেতু এলাকা থেকে বালু-পাথর পরিবহনে সংশ্লিষ্ট দুটি ট্রাক্টর আটক করে থানা হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত গাড়ি দুটির মধ্যে দুটির মালিক উত্তর কলাবাড়ী গ্রামের তাঁতীদল নেতা তেরা মিয়ার ছেলে সামী ও দক্ষিণ কলাবাড়ী গ্রামের নুরুশ মিয়ার ছেলে শরীফ (যৌথ মালিক)। অপর গাড়িটি একই গ্রামের অদুল্লা মিয়ার ছেলে ইসলাম উদ্দিনের। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই গাড়িগুলোসহ আরও বেশ কয়েকটি গাড়ির একটি সিন্ডিকেট এই এলাকা থেকে উত্তোলিত বালু-পাথর পরিবহন করে আসছে।

অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে একদল শ্রমিক নিয়োগ করে নৌকার মাধ্যমে সেতুর পিলার ঘেঁষে বালু ও পাথর তুলে তীরে আনা হয়। এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক্টরের মাধ্যমে কলাবাড়ী ও ডাকঘর এলাকায় তা মজুত করে লাখ লাখ টাকার বালু-পাথর লুট করা হচ্ছে।

এসব লুটপাটের ঘটনায় উত্তর কলাবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের নাম প্রধান খলনায়ক হিসেবে উঠে এসেছে। তার সাথে জড়িত রয়েছে আঞ্জব আলী, শুকুর মাহমুদ, নূর আলম, মীর হোসেন, নূর আহমদ, নেছার, নিজাম, আকরম (ডাকঘর) এবং শ্রমিক ফয়সল সুমন, ইমন, বদরুজ্জামান, বতাই মিয়া, আক্তার কায়সার ও সাগর। তবে রহস্যজনক কারণে এখনও এসব চিহ্নিত লুটেরাদের বিরুদ্ধে কোনো নিয়মিত মামলা দায়ের করা হয়নি।

ধলাই সেতুর উত্তর ও দক্ষিণে বালু স্তূপের বেশ কয়েকটি সাইট রয়েছে। অতীতে যন্ত্রদানব লিষ্টার ড্রেজার মেশিনের সাহায্যে ৫০ থেকে ৭০ ফুট গভীর খাদ করে মধ্যরাত থেকে সকাল ১০টা পর্যন্ত মাঝারি ও স্টিলবডির বড় নৌকার মাধ্যমে দেদারসে বালু তোলা হয়েছে। এর ফলে সেতু এলাকা ও তীরবর্তী বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সেতুটির যেকোনো মুহূর্তে পিলার হেলে পড়ার শঙ্কা রয়েছে, যা এলাকার একমাত্র সহজ যোগাযোগ মাধ্যমটিকে বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ধলাই ব্রিজ তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? রাতের আঁধারে বালু তোলার হিড়িক চলছে। পুলিশ ধাওয়া দেয়, আবার খেলা শুরু হয়—এ যেন এক নিদারুণ তামাশা!” অপর একজন লিখেছেন, “লুটেরারা হামলে পড়ে খাচ্ছে, আর ধলাই ব্রিজ বিলীনের পথে!”

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি গাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, “সেতু রক্ষায় সবসময় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খবর পেয়ে দুটি গাড়ি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক গাড়ি দুটি আইনি প্রক্রিয়ায় আদালতে হস্তান্তর করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, “ইতিমধ্যে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি জোরালোভাবে আলোচনা হয়েছে। জড়িতদের অবিলম্বে গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। ধলাই সেতু রক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং এর পাশে বালু উত্তোলণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি মোকাবিলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। অতিশীঘ্রই গুরুত্বপূর্ণ এই সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, ২০০৩-০৬ অর্থ বছরে তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের একান্ত প্রচেষ্টায় সিলেটের দ্বিতীয় বৃহত্তম এই ধলাই সেতুটি নির্মিত হয়। পূর্ব ধলাইয়ের দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি হিসেবে এটি নির্মিত হওয়ার পর থেকে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই স্থানীয়রা দ্রুত এই সেতু রক্ষায় স্থায়ী নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..