সিলেট | |
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, সুপারি, বিড়ি, জিরা ও চা পাতাসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৩১ অক্টোবর ভোরে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩,৩৬০ প্যাকেট পাতার বিড়ি এবং ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
অপরদিকে, একই দিন ডোনা বিওপির একটি টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৬০০ গজ অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে, যার সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এর আগে, গত ৩০ অক্টোবর রাত আটটার দিকে সুরাইঘাট বিওপির আরেকটি দল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৩৬০ কেজি ভারতীয় জিরা এবং ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। যার সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
সব মিলিয়ে এসব অভিযানে জব্দ করা অবৈধ মালামালের সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।
১৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd