জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালান সামগ্রী জব্দ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালান সামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। তারা সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগান বাজার নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এছাড়া একই রাতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন এবং ৪টি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় অভিযানে জব্দকৃত সর্বমোট মালামালের সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..