সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা কমিটির সদস্যদের অবজ্ঞা করে অতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া এবং পরিবর্তে ‘অবাঞ্ছিত’ ব্যক্তিদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনে জেলা কমিটির সক্রিয় সদস্যদের বাদ দিয়ে কাদের বিশেষ মদদে বিতর্কিত ব্যক্তিদের সমাগম ঘটানো হলো, তা নিয়ে এখন তোলপাড় চলছে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।
অনুষ্ঠানের জেলা কমিটির সদস্যদের অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বা তাঁর সরাসরি সংশ্লিষ্টতায় অনুষ্ঠিত হওয়া এমন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কমিটির বৈধ সদস্যদের দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি। অথচ সেখানে অনেক অবাঞ্ছিত এবং অপরিচিত মুখ দেখা গেছে। কমিটির সদস্যরা প্রশ্ন তুলেছেন-কারা এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন? এবং কাদের ইশারায় এমন ‘অবাঞ্ছিত’ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি তৈরি করা হয়েছে?
এই আয়োজনের পুরো প্রক্রিয়ায় সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইছে। অভিযোগ উঠেছে, তিনি ‘৭১-এর পরাজিত শক্তির ঘনিষ্ঠ এক ব্যক্তির প্রেসক্রিপশনে জেলা প্রশাসন পরিচালনা করছেন। ওই প্রভাবশালী ব্যক্তিটি সিলেটের সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করে ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। সাধারণ সদস্যদের দাবি, ২৪-এর পরাজিত শক্তির প্রেতাত্মারা এখন ডিসির পাশে থেকে প্রশাসনকে ভুল পথে পরিচালিত করছে, যার প্রতিফলন ঘটেছে এই অনুষ্ঠানের অব্যবস্থাপনায়।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির সদস্য ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান তালুকদার। তিনি মনে করেন, এই ঘটনাটি মোটেও হালকাভাবে দেখার সুযোগ নেই।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস হতে পারে না। জেলা কমিটির সদস্যদের বাইরে রেখে কাদের মদদে অবাঞ্ছিত ব্যক্তিরা সেখানে উপস্থিত হলেন, তা অত্যন্ত রহস্যজনক। এটি শুধু সমন্বয়হীনতা নয়, বরং একটি পরিকল্পিত অপকর্ম। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া অপরিহার্য।”
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি কর্মসূচিতে এমন অপেশাদার আচরণ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা বিরোধী শক্তির কারসাজি হতে পারে। স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও স্পোর্টস কমিটির বঞ্চিত সদস্যরা অবিলম্বে এই ঘটনার নেপথ্যের কারিগরদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd