শাহজালাল ক্লিনিকে ডা. তানভিরের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : ৫ লাখে রফাদফার চেষ্টা!

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

শাহজালাল ক্লিনিকে ডা. তানভিরের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : ৫ লাখে রফাদফার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসার অভিযোগ যেন থামছেই না। এবার নগরীর মধুশহীদ এলাকার শাহজালাল ক্লিনিকে ভুল চিকিৎসায় ৪ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ৫ লক্ষ টাকার বিনিময়ে রফাদফার চেষ্টার অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে আসা ৪ বছর বয়সী ওই শিশুটির পায়ে প্রায় ৯ মাস আগে একটি পাত (প্লেট) লাগানো হয়েছিল। রবিবার (২২ ফেব্রুয়ারি) সেই পাতটি অপসারণের জন্য তাকে শাহজালাল ক্লিনিকে নিয়ে আসা হয়। সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।
শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে জানান, “আমার বাচ্চাকে একটি ইনজেকশন ছয়বার দেওয়া হয়েছে। পাত খোলার সময় সে চিৎকার করে আমার কোলেই ঢলে পড়ে। এরপর তারা আমাদের আইসিইউতে যাওয়ার কথা বলে অন্য ক্লিনিকে পাঠায়। কিন্তু সেখানে ডাক্তাররা জানান, আমার বাচ্চা আর নেই।”

টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা
শিশুটির মৃত্যুর পর শাহজালাল ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। স্বজনদের দাবি, ক্লিনিকের একজন ম্যানেজার তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ভাড়ার কথা বলে ১০ হাজার টাকা দিয়ে তাদের বিদায় করতে চান। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে এবং উত্তেজিত জনতা ক্লিনিক ঘেরাও করলে, ৫ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেওয়া হয় বলে সূত্র জানায়।

জানা গেছে, শিশুটির অপারেশনের দায়িত্বে ছিলেন ডা. শেখ তানভির আহমেদ তালুকদার। অ্যানেস্থেসিয়া ও অস্ত্রোপচারের প্রক্রিয়ায় অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। উত্তেজিত অভিভাবকরা ক্লিনিকে ভাঙচুরের চেষ্টা চালালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মাঈনুল জাকির জানান, শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগের রাতেই নগরীর ইবনে সিনা হাসপাতালে ভুল চিকিৎসায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছিল। সিলেটে একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..