সিলেট | |
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি: অদম্য মেধা, পরিশ্রমে ও অধ্যবসায়ের জোড়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে উচ্চশিক্ষার স্বপ্নপূরণ করেছেন হবিগঞ্জের মেয়ে জান্নাতুল ফেরদৌস জেমি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) চার বছর মেয়াদি স্নাতক কোর্সে অধ্যয়নের জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জেমিকে এ সংবাদ নিশ্চিত করেছেন। বৃত্তির শর্তানুযায়ী, প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে চার বছরে মোট ৬০ হাজার ডলার পাবেন তিনি।
জেমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি শেভরন বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এক মাসের একটি বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের ‘সামার স্কুল প্রোগ্রাম’-এ অংশ নেন। প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করায় শেভরনের সহায়তায় এইউডব্লিউ-তে তাঁর জন্য এই বৃত্তির দুয়ার উন্মোচিত হয়।
একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা জেমির লড়াইটা খুব সহজ ছিল না। তাঁর বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক আর্থিক টানাপোড়েনের মধ্যেও জেমির মেধা ও পড়াশোনার প্রতি টান দেখে সবসময় সহযোগিতা জোগেছিল জহুর চান বিবি মহিলা কলেজ কর্তৃপক্ষ।
উচ্ছ্বাস প্রকাশ করে জেমি জানান, “প্রথম যখন ইমেইল পেয়েছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বার বার চিঠিটা পড়ার পরই কেবল নিশ্চিত হলাম। এখন নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করছি। আমি চাই প্রান্তিক অঞ্চলের আরও অনেক শিক্ষার্থী যেন এমন সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারে।”
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদিচ্ছা, শ্রম ও প্রতিভার সঠিক প্রকাশ ঘটলে যে কোনো বাধা জয় করা সম্ভব—জেমি তার উজ্জ্বল উদাহরণ। প্রান্তিক অঞ্চলের অন্যান্য শিক্ষার্থীদের জন্য জেমি এখন এক অনন্য অনুপ্রেরণার নাম।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd