সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মাসুকগঞ্জ বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে তীব্র গরমে আকস্মিক অসুস্থ হয়ে পড়া সাংবাদিক মোশাহিদ আলীর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আজ শুক্রবার মাসুকগঞ্জ বাজারে বাণিজ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মোশাহিদ আলী। অনুষ্ঠান শেষে ফেরার পথে তীব্র গরমে তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সাংবাদিক রেজাউল হক ডালিমের বর্ণনা অনুযায়ী, মোশাহিদ আলী যখন বিশ্রামের জন্য নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ মাথা ঘুরে সিলেট-৩ আসনের সংসদ সদস্যের গাড়ির সামনে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক রেজাউল হক ডালিম তার এক লেখায় উল্লেখ করেন, “রাজনৈতিক নেতা কিংবা এমপি তো অনেকেই হন, কিন্তু অন্যের জন্য মুহূর্তেই ছুটে আসেন কজন? আজ তীব্র গরমে সহকর্মী মোশাহিদ আলী ভাই অজ্ঞান হয়ে পড়লে ভিড় ঠেলে এগিয়ে আসেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি মশাহিদ ভাইকে নিজের গাড়িতে বসানোর চেষ্টা করেন এবং নিজের গাড়ি থেকে পানির বোতল এনে তাকে পানি পান করান।”
জানা গেছে, শুধুমাত্র ঘটনাস্থলেই নয়, পরবর্তীতেও তিনি একাধিকবার ফোন করে অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
নিজের এই কঠিন সময়ে এমপির এমন সহমর্মিতায় আপ্লুত হয়ে মোশাহিদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “সিলেট-৩ আসনের এমপির গাড়ির পাশে আমি পড়ে থাকলেও তিনি অপেক্ষায় ছিলেন যেন আমাকে সরিয়ে নেওয়া হলে তিনি গাড়ি নিয়ে যেতে পারেন। কিন্তু এমরান আহমদ চৌধুরী ভাই যে উদারতা দেখিয়েছেন, তা চিরস্মরণীয়। এই ছোট্ট ঘটনাটি আবারও মনে করিয়ে দিলো ক্ষমতার চেয়েও মানবিকতা কতটা গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা আপনার প্রতি।”
অসুস্থতার সময় পাশে থাকা সকল সহকর্মী এবং যারা পরবর্তীতে খোঁজ নিয়েছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক মোশাহিদ আলী।
বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন এবং আগের চেয়ে সুস্থ বোধ করছেন। তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd