সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রকৃতি ও খনিজ সম্পদে ভরপুর দেশের অন্যতম বৃহত্তম উপজেলা। অথচ স্বাধীনতার ৫৫ বছরেও এই উপজেলার বেশ কিছু জনপদ রয়ে গেছে উন্নয়নের ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আধুনিক যুগেও যেখানে গাড়ি চলেনি কোনোদিন, সেই অবহেলিত এলাকার মানুষ এখন তাদের যাতায়াতের দুর্ভোগ ঘোচাতে নবনিযুক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছেন।

পশ্চিম জাফলং ইউনিয়নের ১-২ নং ওয়ার্ড
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং নন্দিরগাঁও ইউনিয়নের মোটরঘাট এলাকার শিয়ালা হাওর, চলিতাবাড়ি ও মানাউরা এলাকার চিত্র এখনো মধ্যযুগীয়। সড়ক না থাকায় এখানকার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। কৃষি পণ্য বাজারজাত করা থেকে শুরু করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সব ক্ষেত্রেই পোহাতে হয় চরম ভোগান্তি।
বিগত আওয়ামী সরকারের উদাসীনতায় অতিষ্ঠ হয়ে পশ্চিম জাফলং ইউনিয়নের চারটি ওয়ার্ডের মানুষ নিজেরাই উদ্যোগী হয়েছেন। পিয়াইন নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের লক্ষে তারা নিজস্ব অর্থায়নে তহবিল গঠন করেছেন। ইতিমধ্যে ইউনিয়নের চারজন জনপ্রতিনিধির নামে যৌথ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩৫ লাখ টাকা জমা করা হয়েছে। এলাকাবাসীর এই উদ্যোগ দেশের ইতিহাসে বিরল, যা তাদের যাতায়াত সংকটের ভয়াবহতা ফুটিয়ে তোলে।
সিলেটের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরী বর্তমানে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাঁর উন্নয়নের ইতিহাস জানে পুরো দেশ। আর তাই, এই অবহেলিত অঞ্চলের মানুষ বুকভরা আশা নিয়ে তাকে সমর্থন দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, মন্ত্রী যেন জনস্বার্থে পিয়াইন নদীর ওপর স্থায়ী ব্রিজ নির্মাণ এবং দুর্গম গ্রামগুলোতে পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করেন। মানুষের এই দীর্ঘ প্রতীক্ষা আর ত্যাগের মূল্যায়ন আরিফুল হক চৌধুরী করবেন বলেই বিশ্বাস গোয়াইনঘাটবাসীর।
“আমরা স্বাধীনতার ৫৫ বছরেও কেবল আশ্বাস পেয়েছি, ব্রিজ-রাস্তা পাইনি। এবার আমাদের আশা সিলেটের কৃতি সন্তান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ওপর। তিনি চাইলে আমাদের এই ৫ দশকের কষ্ট মুহূর্তেই দূর হতে পারে বলে মনে করেন স্থানীয় ভুক্তভোগীরা।
পর্যটন ও খনিজ সম্পদে সমৃদ্ধ গোয়াইনঘাটের এই জনপদ মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হলে কেবল স্থানীয়দের জীবনমান উন্নত হবে না, বরং সরকারের রাজস্ব আয়েও তা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd