সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সিলেট-৪ আসনের জনগণসহ দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রাখায় ধন্যবাদ জানিয়ে তিনি ঘোষণা করেছেন, কোনো বৈষম্য ছাড়াই তিনি সবার জন্য কাজ করে যাবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তৃণমূল থেকে উঠে আসা এই জননেতা এর আগে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মেয়রের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান সিলেট-৪ আসনের ভোটারদের। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করলে এই সম্মান অর্জন সম্ভব হতো না। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও যোগ করেন- “আমি বিএনপির একজন সাধারণ তৃণমূল কর্মী থেকে আজ এই পর্যায়ে এসেছি। দল আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দেব। বিশেষ করে শ্রমিক ভাই-বোন এবং প্রবাসীদের স্বার্থ রক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রাথমিক লক্ষ্যগুলো হলো- দেশের অভ্যন্তরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।
বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি।
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের জন্য কাজ করা।
আরিফুল হক চৌধুরীর মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) সহ পুরো সিলেটে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, তাঁর হাত ধরে সিলেটের ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান আসবে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা অন্তে, আরিফুল হক চৌধুরী এমপি
মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd