সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের রাজনীতিতে এক অদম্য ও জনপ্রিয় নাম আরিফুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার তিনি পা রাখছেন জাতীয় মন্ত্রিসভায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া এই নেতার রাজনৈতিক ও সামাজিক জীবন যেন এক সফলতার মহাকাব্য।
ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি
১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম আরিফুল হক চৌধুরীর। তাঁর পিতা মরহুম সফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি সামা হক চৌধুরীর সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ। তিনি দুই কন্যা (সাইকা ও আফসা) এবং এক পুত্রের (আসিফুল) জনক। তাঁর স্থায়ী নিবাস সিলেটের কুমারপাড়ার বি/১ বাড়িতে।
ছাত্ররাজনীতি থেকে জাতীয় পর্যায়
আরিফুল হকের রাজনীতির হাতেখড়ি ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। তিনি সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলভাবে। এরপর পর্যায়ক্রমে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উল্লেখ্য যে, তিনি বিদেশের মাটিতেও দলের ভিত্তি মজবুত করতে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নগরপিতা থেকে জননেতা
জাতীয় রাজনীতিতে আসার আগে আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং পরবর্তীতে টানা দুই মেয়াদে (২০১৩-২০১৮ ও ২০১৮-২০২৩) মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আমলেই সিলেট নগরীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং পর্যটনবান্ধব অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটে, যা তাঁকে ‘উন্নয়নের কারিগর’ হিসেবে পরিচিতি দেয়।
ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ড
রাজনীতির বাইরেও তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি আফসা হক ডেইরী ফার্মের চেয়ারম্যান এবং সুরমা সিএনপি পাম্পের ম্যানেজিং পার্টনার। এছাড়াও সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান অনস্বীকার্য- ঐতিহাসিক সিলেট শাহী ঈদগাহ ও কুমারপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী।
রেড ক্রিসেন্ট মাতৃ মঙ্গল হাসপাতালের চেয়ারম্যান এবং সিলেট ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য এবং নিজ নামে প্রতিষ্ঠিত ‘আরিফুল হক চৌধুরী একাডেমী’র সভাপতি।
প্রবাসী কল্যাণে নতুন স্বপ্ন
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এবার তিনি প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করবেন। প্রবাসীবহুল এই অঞ্চলের মানুষ আশা করছেন, তাঁর হাত ধরে বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd