সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বীরেন্দ্র কুমার (ঝুনু) মাস্টারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ দলিল ও মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ আকস্মিক এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে বীরেন্দ্র কুমার মাস্টারের বসতঘরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন চালুর জোর দাবি: এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোয়াইনঘাটে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দূরবর্তী স্থান থেকে গাড়ি আসতে আসতে সব শেষ হয়ে যায়।
এলাকাবাসীর পক্ষে তীব্র দাবি জানিয়ে বলা হয়, “যদি গোয়াইনঘাটে ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গভাবে সচল থাকত, তবে আজ বীরেন্দ্র মাস্টারের ঘরটি হয়তো এভাবে পুড়ে ছাই হতো না।” অবিলম্বে গোয়াইনঘাটে ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত ও স্টেশন চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd