সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কাল বিশ্ব ভালোবাসা দিবস। বাসন্তী আমেজে বাংলার নিসর্গ প্রকৃতিতে দোলা দেবে ফাগুন হাওয়া। শীতের জীর্ণতা ভেঙে প্রকৃতিকে নতুন সাজে সাজাবে ঋতুরাজ। মধুময় বসন্তে ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। কোকিলের কুহুতান, মৌমাছিদের গুঞ্জরণ, মাতাল হাওয়া প্রাণে প্রাণে দেবে দোলা। শীতের আবরণে লুকিয়ে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া জেগে উঠবে সোনালি রোদের স্পর্শে। বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে জানিয়ে দিল বসন্ত কড়া নাড়ছে দুয়ারে। যদি বলা হয়- বসন্তের রঙ কী, তাহলে সবাই বলবে ‘বাসন্তী’। হ্যাঁ, গাঁদা ফুলের রঙেই আজ সাজবে তরুণ-তরুণীরা। পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজবে ফুল আর হাতে পরবে কাচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে নামবে বাংলার পথে-ঘাটে। শুধু শহরেই নয়, বাংলার গ্রামীণ জনপদেও আজ ঝিরিঝিরি বাতাসে ধরা দেবে বসন্ত। বসন্ত শুধু উচ্ছ¡াসের রঙ ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তরঙিন স্মৃতির কথাও মনে করিয়ে দেয়। ১৯৫২ সালের ৮ ফাল্গুন বা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ¡াস আর বাঁধভাঙা আবেগের জোয়ারও যেন মিলেমিশে একাকার হয়ে আছে।
বাঙালির জীবনের সঙ্গে একাকার হয়ে আছে বসন্ত। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। এ উৎসব এখন সব বাঙালির উৎসব। এই উৎসবটির একটি ঐতিহ্যময় ইতিহাস আছে। মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম ও উৎসবের ধরনটা এখনকার মতো ছিল না। তাই বসন্ত উৎসব শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য। বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে ঢাকায় ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। এবারো ব্যতিক্রম হচ্ছে না। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বসন্তের নাচ, গান ও কবিতার আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রেডিও, টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd