সিলেট | |
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে কানাডাপ্রবাসী সাদেক হোসেনের পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে তিনজনকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চরমাধব গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা এগিয়ে এসে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।
পরিবারের অভিযোগ, কামাল মিয়া, জামাল উদ্দিন ও তাঁদের ১০ থেকে ১২ জন সহযোগী ওই রাতে বাড়ির সামনে এসে সাদেকের বাবা আব্দুল খালিককে দরজা খুলতে বলেন। এ সময় ঘরে ছিলেন সাদেকের মা নাহার বেগম ও বড় ভাই তারেক হোসেনও। নিরাপত্তার আশঙ্কায় দরজা না খুললে তাঁরা সবাইকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। একপর্যায়ে বাইরে থেকে প্রধান দরজা আটকে বাড়ির এক পাশে আগুন ধরিয়ে চলে যান। ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়লে আটকে পড়া সদস্যরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে দরজা খুলে তাঁদের উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। এতে বাড়ির একাংশ ও আসবাবপত্র পুড়ে যায়।
আব্দুল খালিক বলেন, ‘আমার ছেলে বিদেশে থাকলেও আমাদের ওপর অত্যাচার বন্ধ হয়নি। জমি লিখে দেওয়া ও টাকা পরিশোধের জন্য দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। এবার ঘরে আটকে আমাদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জকির হোসেন বলেন, ‘চিৎকার শুনে গিয়ে দেখি বাড়ির এক পাশে আগুন জ্বলছে, অথচ পরিবারের লোকজন বের হতে পারছেন না। আমরা দরজা খুলে তিনজনকে উদ্ধার করি এবং আগুন নেভানোর চেষ্টা করি। সময়মতো এগিয়ে না এলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাবার মালিকানাধীন ২০ শতক জমিতে ‘সাদেক পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন সাদেক। ২০২২ সালের শেষদিকে কামাল ও জামাল পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় জাল দলিল দেখিয়ে খামার দখলের চেষ্টা করা হয়। এ বিষয়ে ২০২৩ সালের ২৫ এপ্রিল সাদেক উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রের দাবি, কামাল মিয়া ও জামাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। ২০২৪ সালের অক্টোবরে তাঁরা চরমহল্লা ইউনিয়ন বিএনপিতে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের জানুয়ারিতে খামারটি জোরপূর্বক দখল এবং চলতি বছরের এপ্রিলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার করে কামাল মিয়া বলেন, ‘বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে
আমার কোনো সম্পৃক্ততা নেই। জমি নিয়ে বিরোধের কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
আব্দুল খালিক জানান, অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শুক্রবার তিনি ও তাঁর বড় ছেলে ছাতক থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd