দিরাই থানার ওসি আমিনুলের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

দিরাই থানার ওসি আমিনুলের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন, গায়েবি মামলা, ঢালাও গ্রেপ্তার, চাঁদাবাজিতে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ পৌরসভার সরকারি নথিতে তাঁর নামে একটি পাঁচতলা বিলাসবহুল ভবনের মালিকানার তথ্য পাওয়া গেছে, যার আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং বিরোধী মতের মানুষের ওপর নির্যাতনের সকল অভিযোগ অস্বীকার করেছেন ওসি আমিনুল ইসলাম। তাঁর দাবি, পেশাগত দায়িত্ব কঠোরভাবে পালন করায় ক্ষুব্ধ ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চড়াও হওয়া এবং ক্ষমতার অপব্যবহারে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ক্ষমতার পালাবদলের পরও গুরুত্বপূর্ণ থানায় তাঁর দায়িত্ব পালন অব্যাহত থাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা তৈরি হয়েছে।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গায়েবি মামলার বিস্তার, ঢালাও গ্রেপ্তার এবং চাঁদাবাজির কার্যক্রমে সহায়তার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত সরকারি নথিপত্র ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে আমিনুল ইসলামের নামে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে।

সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসননগর এলাকার শান্তিবাগ আবাসিক এলাকা। ষোলঘর মৌজায় অবস্থিত ভবনটির নাম ‘এ.আর.এস. মহল’ এবং এর হোল্ডিং নম্বর ১৮১। পৌরসভার দাপ্তরিক নথিতে ভবনটির মালিক হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম (পিতা: সিদ্দিকুর রহমান) এর নাম রয়েছে।

পৌরসভার হালনাগাদ করের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত টানা পাঁচ বছরের পৌরকর পরিশোধ করা হয়েছে। সর্বশেষ চলতি অর্থবছরের পৌরকর বাবদ ৭ হাজার ৯১৪ টাকা পরিশোধের দাপ্তরিক রসিদে চলতি বছরের ২৯ জানুয়ারি তারিখ এবং ‘জে.বি-২৮/৯/২৬’ নম্বর উল্লেখ রয়েছে।

প্রায় ৮ শতক জমির ওপর নির্মিত এই ভবনটির আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি। শান্তিবাগ এলাকায় জমির সর্বনিম্ন বাজারমূল্য প্রতি শতক ১৩ থেকে ১৫ লাখ টাকা হলেও মূল সড়কের কাছাকাছি এবং যোগাযোগব্যবস্থার সুবিধাজনক অবস্থানে থাকায় জমিটির প্রকৃত বাণিজ্যিক মূল্য আরও বেশি হতে পারে। শুধু এই পাঁচতলা ভবনটিই নয়, সুনামগঞ্জ জেলা এবং বিভাগীয় শহর সিলেটের বিভিন্ন কৌশলগত স্থানে তাঁর নামে ও বেনামে আরও একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..