সিলেট | |
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং তার নাম ভাঙিয়ে চলানো কথিত ঠিকাদার সামুন মাহমুদ খানের বিপুল পরিমাণ অবৈধ স্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তার একটি ১ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি মূল্যের জমির পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল এবং বিভিন্ন ভিআইপিদের সাথে তার ছবি সংবলিত চ্যাট স্ক্রিনশট ফাঁস হওয়ার পর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সামুন মাহমুদ খান (পিতা: মরহুম আলী মাহমুদ খান, মাতা: মরহুমা নুরমুন্নছা খাতুন চৌধুরী) সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের দরগাহ গেইট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে শেখ হাসিনার বিশেষ ঘনিষ্ঠ এবং বড় বড় সরকারি উন্নয়ন প্রকল্পের ‘ঠিকাদার’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
ফাঁস হওয়া রেজিস্ট্রিকৃত আমমোক্তারনামা দলিল (নং- ১৫৯৬৬) থেকে জানা যায়, সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিগত ২০/১০/২০২৩ ইংরেজি তারিখে এই দলিলটি সম্পাদন করা হয়। দলিলের বিবরণ অনুযায়ী জমির মূল্য এক কোটি আশি লক্ষ টাকা।
সিলেট সদর উপজেলাধীন ‘সাহেববাজার (রা.)’ মৌজায় অবস্থিত জে.এল নং-৭১ এর অধীনস্থ বেশ কিছু মূল্যবান দাগের ভূমি।
তোফায়েল আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে সামুন মাহমুদ খান এই বিশাল সম্পত্তির আমমোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা এবং দলটির শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে সিলেট অঞ্চলে একচেটিয়া প্রভাব বিস্তার করেন এই সামুন। বিভিন্ন সরকারি দপ্তরে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি এবং ভুঁইফোড় ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, যা তিনি নিজের স্বার্থসিদ্ধির ঢাল হিসেবে ব্যবহার করতেন।
সরকার পতনের পর তার এই বিপুল অবৈধ সম্পদের দলিল এবং ছবি প্রকাশ্যে আসায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এই কথিত ঠিকাদার সামুনের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd