সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহের আগুনে পুরছে সিলেট সদর উপজেলা আ.লীগ। এখানে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্থানীয় শীর্ষ এক আ.লীগ নেতা। অন্যদিকে নির্বাচন বর্জনের ঘোষনা দিলেও সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দুই বিএনপি নেতা। এনিয়ে বিভক্তি দেখা দিয়েছে সিলেট বিএনপিতে।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায, সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আ.লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আশফাক আহমদ, আ.লীগ বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, জেলা বিএনপির উপদেষ্টা শাহ জামাল নুরুল হুদা ও মাজহারুল ইসলাম ডালিম। স্বতন্ত্র প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন মো. সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন লাল, আফতাব উদ্দিন, মিল্টন আহমদ চৌধুরী, মকবুল হোসেন, রাজু গোয়ালা, নূর আহমদ কামাল, ফারুক আহমদ, জুয়েল আহমদ। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. দিলারা বেগম, মোছা. দিলরুবা বেগম কাকলি, মোছা. শামীমা আকতার।
সিলেট সদর উপজেলায় আ.লীগের মনোনয়ন পেয়েছেন আশফাক আহমদ। তিনি গত দুই মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এবার আর তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন না বলে আশা ছিলো জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজাত আলী রফিকের। এজন্য তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন ধরে। তবে আশফাক আহমেদ আবারও চেয়ারম্যান প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন পাওয়ার কারণে হতাশ সুজাত আলী রফিক ও তার সমর্থকরা। তবে সুজাত আলী নিজে বিদ্রোহী প্রার্থী না হলেও তার সমর্থকদের নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট নুরে আলম সিরাজী। এতে বিপাকে পড়েছে স্থানীয় আ.লীগ। সদর উপজেলার আ.লীগও এই দুই প্রার্থীকে ঘিরে বিভক্ত হয়েছে পড়েছে। এ প্রসঙ্গে সুজাত আলী রফিক বলেন, গতবার আশফাক আহমদ আর চেয়ারম্যান প্রার্থী হবেন না বলে কথা দিয়েছিলেন। তবে তিনি তার কথা রাখেন নি। এতে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।
সিলেট আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল হক চৌধুরী বলেন, কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না আশা করি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ি এই সমস্যার সমাধান করা হবে।
এদিকে আগেই নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে বিএনপি। তবে সদর উপজেলায় বিএনপির প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির দুই উপদেষ্টা শাহ জামাল নুরুল হুদা ও মাজহারুল ইসলাম ডালিম। এর মধ্যে গত দুই বার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেছেন শাহ জামাল নুরুল হুদা। এবার তিনি জয়েরে ব্যাপরে আশাবাদি। তবে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের কথা বলেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। তিনি বলেন, বিএনপির সকল পর্যায়ে নেতাদের নির্বাচনে অংশ না নিতে বলা হয়েছে। কেউ অংশ নিলে বহিষ্কার করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd