সিলেট | |
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
বিশেষ প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনে (সিসিক) জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে সিসিকের হিসাব রক্ষক আ ন ম মনসুফ এবং তার ছেলে সহকারী প্রকৌশলী মোহতাসিম আহমেদ তানভীরের বিরুদ্ধে। বাসাতেই জালিয়াতির কারখানা বানিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জাল সীল ও স্বাক্ষর ব্যবহার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ও কল রেকর্ড ফাঁস হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সহকারী প্রকৌশলী তানভীর তার নিজের বাসার বেডরুমেই জালিয়াতির মূল কেন্দ্র বানিয়েছিলেন। সুরমা মার্কেট থেকে সংগৃহীত সাবেক মেয়র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নকল সীল ব্যবহার করে অনুমোদন দেওয়া হতো ইমারত ও বিল্ডিংয়ের ফাইল। এই পুরো প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করতেন তানভীরের স্ত্রী তান্নী, যিনি মেয়রসহ অন্যান্য কর্মকর্তাদের স্বাক্ষর হুবহু জাল করতেন।
সিসিকের ইমারত নকশা, ব্যাংকের চালান ও সরকারি নথিপত্রে ভুয়া স্বাক্ষর বসিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তানভীর। সম্প্রতি জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এলে সিসিক থেকে গোপনে বিদেশে পাড়ি জমান তানভীর। তবে তার গড়ে তোলা সিন্ডিকেটের পেছনে মূল ভূমিকা পালন করছেন তার বাবা ও সিসিকের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনসুফ।
দ্বিতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও মনসুফ সিসিকের বিলাসবহুল জিপ গাড়ি ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজর এড়াতে তিনি মাত্র ১ টাকা ভাড়ায় সিসিকের জমিতে বাস করলেও সিলেটে মনসুফ পরিবারের নামে রয়েছে একাধিক বাড়ি, অভিজাত ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি। সিলেটের প্রতিটি বড় মার্কেটে তাদের অন্ততঃ তিনটি করে দোকান কোঠা রয়েছে বলে জানা যায়। এছাড়া, বিভিন্ন বিলের স্লিপে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য এবং কর্মকর্তাদের অজান্তে সিসিকের অ্যাকাউন্ট থেকে বেনামে বিপুল অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সিসিকের অসহায় প্রায় ২৫৮ জন অস্থায়ী কর্মচারীকে চাকরি স্থায়ী করার কথা বলে হাইকোর্টের মামলার অজুহাতে জনপ্রতি ১০,০০০ টাকা করে আদায় করা হয়। লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছেলে বিদেশে পালিয়ে গেলেও বাবা মনসুফ এখনও সিসিকে বহাল তবিয়তে থেকে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।
এই তিন প্রজন্মের দুর্নীতির পাহাড় ও রাজত্বের বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য এবং এক্সক্লুসিভ ইতিহাস নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন চোখ রাখুন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd