সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সদ্য ঘোষিত ‘শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন’ এর জেলা কমিটিকে কেন্দ্র করে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ তৌহিদী জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সিলেট জেলা কমিটি গোষণা করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা এমদাদুল হক এবং সেক্রেটারি হিসেবে মাওলানা নাজিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে মুফতি জাকারিয়া বীরদলি, মাওলানা জাহিদুর রহমান কাসিম, কারী মাওলানা নুরুজ্জামান নুমানী এবং মাওলানা ইমাম উদ্দিন নোমানী বিভিন্ন পদে রয়েছেন।
স্থানীয় ওলামা ও ধর্মপ্রাণ জনসাধারণের অভিযোগ, এই কমিটির পেছনে মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন মুফতি শামীম মজুমদার, যার বিরুদ্ধে বিভিন্ন অর্থ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড নিয়েও চরম বিতর্ক রয়েছে। বিশেষ করে উপশহর তেরোরতন জামে মসজিদের বিদায়প্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মাওলানা নাজিম উদ্দিনের বিরুদ্ধে হিল্লা বিয়ের (হালালা) সেন্টারের সাথে যুক্ত থাকার মতো গুরুতর ও নৈতিকতাবিরোধী অভিযোগ তোলা হয়েছে।
বিক্ষুব্ধ আলেম সমাজ ও স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা এক যৌথ বিবৃতিতে বলেন, “সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী ও শাহজালালের পুণ্যভূমি। এই পবিত্র মাটিতে বিতর্কিত, দুর্নীতিবাজ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নিয়ে ‘শানে সাহাবা’র নামে কমিটি গঠন করে সিলেটের জমিনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই পকেট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়। অন্যথায়, সিলেটের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এই কমিটির বিরুদ্ধে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd