গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। তারা জানান, ‘হাজীপুর বালুমহাল’ নাম দেওয়া হলেও মূলত হাজীপুরে কোনো বালু নেই। ফলে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ‘বালু খেকো’ হিসেবে মাঠে নেমেছে। যুবদল পরিচয়দানকারী কামরুল ইসলাম, খায়রুল ইসলাম ও ফয়জুল সহ একটি চক্র স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে।
এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে একজন অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..