সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা এলাকায় এক সাংবাদিককে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১৪ মে (মঙ্গলবার) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের কাহাইগড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম মোঃ রায়হান হোসেন (২৯)। তিনি জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত। এই ঘটনায় তিনি গত ১৫ মে জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৩ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু কেনার জন্য সাংবাদিক রায়হান হোসেন তার মায়ের নিকট গচ্ছিত ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং ব্যক্তিগত ৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পূর্বপরিচিত জুয়েল আহমদের সাথে তার মুঠোফোনে কথা হলে, জুয়েল তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন।
পরবর্তীতে জুয়েল মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হয়ে রায়হানকে প্ররোচিত করে নিজের মোটরসাইকেলে তুলে চিকনাগুল বাজারের দিকে নিয়ে যান। বাজার পরিদর্শন শেষে ফেরার পথে কাহাইগড় এলাকায় পৌঁছালে জুয়েল আহমদ পরিকল্পিতভাবে একটি ভুয়া ফোন কল আসার অজুহাতে মোটরসাইকেল থামান।
মোটরসাইকেল থামামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে ৩ জন অজ্ঞাতনামা সশস্ত্র দুষ্কৃতকারী নেমে রায়হান হোসেনকে ঘিরে ধরে। অভিযোগ করা হয়েছে যে, এ সময় জুয়েল আহমদ রায়হানকে দুষ্কৃতকারীদের দিকে ঠেলে দিয়ে কৌশলে সটকে পড়েন।
ছিনতাইকারীরা রায়হানের তলপেটে ধারালো ছুরি ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান পায়ের হাঁটু ও কাঁধে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর তারা টাকার ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে শুকবাড়ি বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। যাওয়ার সময় বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে তাকে সপরিবারে হত্যার হুমকিও প্রদান করা হয়।
আহত সাংবাদিক রায়হান হোসেন বর্তমানে খাদিমপাড়া সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এজাহারে তিনি দাবি করেছেন, এই সম্পূর্ণ ছিনতাইয়ের ঘটনাটি ১নং বিবাদী জুয়েল আহমদের প্রত্যক্ষ মদদ ও পূর্ব-পরিকল্পনায় সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ রায়হান হোসেন জানান, “সমগ্র ঘটনাটি জুয়েল আহমদের প্রত্যক্ষ মদদ ও পূর্বপরিকল্পনায় সংঘটিত হয়েছে। সে আমাকে কৌশলে ফাঁদে ফেলে ছিনতাইকারী চক্রের হাতে তুলে দিয়েছে।”
চিকিৎসা গ্রহণ ও মানসিক বিপর্যয়ের কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হয়েছে উল্লেখ করে বাদী, প্রধান অভিযুক্ত জুয়েল আহমদসহ অজ্ঞাতনামা অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। ঘটনার আকস্মিকতায় স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd