সিলেট | |
প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬
বিশেষ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতে মানবপাচারের একটি শক্তিশালী চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে লোক পারাপারের পর বর্তমানে বড় অংকের অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভারতে পাচার করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলজুরি খাসিয়া হাওর এলাকার বাসিন্দা আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপারের ব্যবসা চালিয়ে আসছেন। এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পূর্বে একাধিকবার ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)-র হাতে আটক হলেও জামিনে বা কৌশলে ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
সম্প্রতি তার এই মানবপাচার সিন্ডিকেটটি নতুন কৌশল অবলম্বন করেছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টার্গেট করে ভারতের অভ্যন্তরে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে চক্রটি। সীমান্ত দিয়ে ভারতে পৌঁছে দেওয়ার বিনিময়ে প্রতিটি রোহিঙ্গা পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ পকেটগুলো ব্যবহার করে এই অবৈধ বাণিজ্য চলায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কোনো ধরনের আইনি বাধা ছাড়া অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় সীমান্তকেন্দ্রিক মানবপাচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং আব্দুর রহমানসহ মানবপাচার চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন গোয়াইনঘাটের বাসিন্দারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd