সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর জিন্দাবাজারে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন নগরীর ব্যবসায়ী রাহাদুজ্জামান মুন্না (৩২)। গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাহাদুজ্জামান মুন্না সিলেট নগরীর দরগাহ মহল্লা নিবাসী এবং বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে অবস্থিত ওয়ান পিসি নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্না ব্যক্তিগত কাজে জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির সপ্তম তলায় অবস্থিত জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর সিলেট অফিসে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি কাজ শেষ করে ব্লু ওয়াটার শপিং সিটি থেকে বের হওয়ামাত্র তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুন্না দৌড়ে পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী সিটি সেন্টারের সামনে গিয়ে পড়ে যান। সেখানেও দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি লাঠিপেটা করে। পরে সেখান থেকে উঠে মুন্না হাসপাতালে যাওয়ার জন্য রিকশা নিলে সেখানেও দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে। পরে রিকশাযোগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
আহত রাহাদুজ্জামান মুন্না জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তার সঙ্গে কারও পূর্ব শত্রুতাও নেই। আর যেভাবে তার ওপর হামলা করা হয়েছে, তাতে তিনি মনে করছেন তাকে প্রাণে মেলে ফেলার জন্যই হামলা করেছিল দুর্বৃত্তরা।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd