সিলেটে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

সিলেটে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২ নভেম্বর সিলেট বিভাগের দুটি উপজেলা, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন । ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার এসব পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। ৭ পরিষদে স্থানীয় সরকারের অধীনে এ নির্বাচনের জন্য ইতোমধ্যে ক্ষমতসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র এসব এলাকায় বইছে নির্বাচনি হাওয়া। এরমধ্যে প্রচারণায় ভিন্ন মাত্রা পাচ্ছে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন।

বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ হয়েছে। মঙ্গলবার দুপুরে মেয়রসহ সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।

প্রতীক পাওয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়ত মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাছ), আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (জগ), উপজেলা বিএনপি’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন (হ্যাঙ্গার), যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না (মোবাইল ফোন), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ)। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানান রির্টানিং অফিসার।

একইদিনে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে দুপুর থেকে নির্বাচনী প্রচারণা নামেন প্রার্থীরা।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় দুই প্রার্থী এবং একজন স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, তিনি পেয়েছেন দলীয় প্রতীক (নৌকা)। খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছাইদুর রহমান চৌধুরী দলীয় প্রতীক (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পেয়েছেন (ঘোড়া) প্রতীক।

ভইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা) প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা) প্রতীক, জুয়েল মিয়া (টিউবওয়েল) প্রতীক, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার আহমদ (বই) প্রতীক, মৌলানা আব্দুল বাছিত (মাইক) প্রতীক, আলী হোসেন রানা (উড়োজাহাজ) প্রতীক, খন্দকার মাসুম আহমদ পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী পেয়েছেন (সেলাই মেশিন) প্রতীক, জাহানারা বেগম (কলস) ও ছানারা বেগম পেয়েছেন (ফুটবল) প্রতীক। এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

এসব এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা পেয়েছেন, যথাক্রমে- ওসমানীগর উপজেলা চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ । মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থিতা চূড়ান্ত হয়। এ ছাড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২নং পশ্চিম জাফলংয়ে নজরুল ইসলাম নজু, ৩নং পূর্ব জাফলংয়ে রফিকুল ইসলাম, ১১নং মধ্য জাফলংয়ে ফারুক আহমদ ও ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে সুভাষ চন্দ্র পাল মনোনয়ন পেয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর গঠিত হয় বিশ্বনাথ পৌরসভা। রাষ্ট্রপতির আদেশে ১৯ ডিসেম্বর পৌর প্রশাসনের দায়িত্ব ন্যস্ত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর। এতোদিন প্রশাসক দিয়ে চলছিল কার্যক্রম। নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। পৌরসভা ঘোষণার দীর্ঘ প্রায় ৩ বছর পর ২ নভেম্বর বিশ্বনাথে মেয়র-কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো নির্বাচিত পরিষদ পাচ্ছেন বিশ্বনাথ পৌরবাসী।

এছাড়া ২নং পশ্চিম জাফলং ইউপিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাওঃ আমির আহমদ খেজুর গাছ প্রতীক পেয়েছেন, ৩নং পূর্ব জাফলং ইউপি, ১১ নং মধ্য জাফলংয়ে ইউপি, ১২ নং গোয়াইনঘাট সদর ইউপিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী ডাক্তার মাওলানা আবুল খায়ের প্রতীক পেয়েছেন খেজুর গাছ।

এদিকে, গত ৬ জুন ওসমানীনগর ও জগন্নাথপুরে উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটজুড়ে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিশ্বনাথ পৌরসভা এবং স্থগিত থাকা ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা এবং গোয়াইনঘাটের চারটি ইউনিয়নে ২ নভেম্বর ভোট হবে। তবে, তিনটি নির্বাচনী এলাকায় ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..