সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রংপুরের বদরগঞ্জে জাহিদা আক্তার শিলামনি (২০) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর শ্বশুড়বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে উপজেলা কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে। শিলামনি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শাহ্ আব্দুর রউফ সরকারি কলেজের অনার্স বাংলা বিষয়ে শিক্ষার্থী ছিল। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশকপুর গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে সোনারপাড়া গ্রামের শফিকুল ইসলাম খোকা মেম্বারের পুত্র নাসিম সোনারের সঙ্গে শিলামনির বিয়ে হয়। বাবার বাড়ি থেকে বিয়েতে চার ভরি ওজনের স্বর্ণালংকার দেওয়ার কথা ছিল। কিন্তু হতদরিদ্র বাবা অলংকার তৈরি করে দিতে দেরি করেন। এ নিয়ে প্রায় সময় শিলামনিকে গালাগালসহ মানসিকভাবে নির্যাতন চালায় স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন। নিহতের পরিবারের ধারণা ওই বিরোধের জেরে গতকাল সকালে শিলামনিকে হত্যার পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে স্বামী নাসিম সোনাসহ বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা সাহাবুল ইসলাম মন্ডল বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
নিহতের চাচা আতাউর রহমান বলেন, বিয়েতে চার ভরি ওজনের অলংকার দেওয়ার কথা ছিল। টাকা জোগাড় করে মেয়ের বাবা অলংকার তৈরি করেন। কিন্তু অলংকার দিতে দেরি হওয়ায় মেয়েকে প্রায় সময় অকথ্য ভাষায় গালাগাল দিতেন শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনার জেরে পরিকল্পিতভাবে আমার ভাতিজিকে হত্যার পর লাশ ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝোলানো হয়। আশপাশের লোকজনের মুখে খবর পেয়ে আমরা ছুটে এসে দেখি খাটের ওপর লাশ ঝুলছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন নিহতের শ্বশুড়বাড়ির লোকজন। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষে মামলা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd