সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের এ আদেশ দেন।
এদিন দুপুর ১২টার দিকে তাকে আদালতে উপস্থিত করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডা. সাবরিনাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
এ সময় সাবরিনার পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১৭ জুলাই তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানার করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd