সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি ছাড়াও হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।
গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান বলেন, রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বুধবার (২২ এপ্রিল) রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলাকেটে হত্যা করেছে।
নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬) , ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd