সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে চলমান আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন রূপান্তর প্রকল্প সিলেট সিটি কর্পোরেশনের কোন প্রকল্প নয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশেষ উদ্যোগে বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সিলেট শহরে পাইলট ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন রূপান্তর কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ’ প্রকল্পের পরিচালক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর প্রাণকেন্দ্র শাহজালাল (রহ.) মাজারের সামনের রাস্তার দুপাশের ওভারহেড বৈদ্যুতিক লাইনকে সম্পূর্ণভাবে ভূ-গর্ভস্থ লাইনে রূপান্তর করে সফলতার সাথে গত ৫ জানুয়ারি থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্ভরশীলতা ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। এ কাজে সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
এছাড়া এ প্রকল্পের আওতায় আম্বরখানা উপকেন্দ্র থেকে চৌহাট্টা হয়ে বন্দরবাজার পর্যন্ত ২টি এবং শেখঘাট থেকে সার্কিট হাউজ পর্যন্ত আরও একটি ১১ কেভি ফিডারকে সম্পূর্ণভাবে ভূ-গর্ভস্থ লাইনে রূপান্তরের কাজ চলছে। শীঘ্রই কাজগুলি সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শাহজালাল (রহ.) মাজারের সামনের রাস্তার দুপাশের ওভারহেড বৈদ্যুতিক লাইনকে সম্পূর্ণভাবে ভূ-গর্ভস্থ লাইনে রূপান্তর করে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর বিষয়টি বেশ আলোচনায় আসে। দেশে-বিদেশে থাকা সিলেটী ও বাঙালীরা বিষয়টির প্রশংসা করে প্রকল্পটি সিটি কর্পোরেশনের মনে করে কৃতজ্ঞতা জানান। এরপরই এ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd