পানিশূন্যতায় অসুস্থ হয়ে শতাধিক স্কুলছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

পানিশূন্যতায় অসুস্থ হয়ে শতাধিক স্কুলছাত্রী হাসপাতালে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী পানিশূন্যতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অ্যাসেম্বলির পর শিক্ষকেরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মাঠের ময়লা পরিষ্কার করানোর সময় অতিরিক্ত গরমে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এমন খবর পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে উত্তেজিত জনতা দরগ্রাম বাজার শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মামুন উর রশিদ শিক্ষার্থীদের হাপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থ শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, বুধবার সকালে অ্যাসেম্বলি করান শিক্ষকরা। পরে আমাদের দিয়ে শিক্ষকেরা জোর করে রোদের মধ্যে মাঠ পরিষ্কার করান। প্রায় আধা ঘণ্টা মাঠ পরিষ্কার সময় আমরা অতিরিক্ত রোদ ও গরমে আমরা অসুস্থ হয়ে পড়ি।

পরে স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। বেডের পাশাপাশি হাসপাতালের মেঝেতেও কোথাও স্থান নেই। অন্তত ২০-২৫ জন ছাত্রীর তখনো জ্ঞানই ফেরেনি।

অন্যদিকে অভিভাবক ও অন্য শিক্ষার্থীরা এমন খবর শুনে প্রথমে বিদ্যালয়ে আসে। তারা প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে তার কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখে।

পরে উত্তেজিত জনতা শিক্ষকদের বিচারের দাবিতে দরগ্রাম বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় সাটুরিয়া- দরগ্রাম সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে তারা শিক্ষক, অভিভাবকদের নিয়ে জরুরি সভা করে পরিবেশ শান্ত করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ঝুমা, রিমা ও সাথি বলেন, ‘আমরা অ্যাসেম্বলি করার জন্য যাচ্ছিলাম, এমন সময় শিক্ষকেরা আমাদের দিয়ে মাঠের ময়লা পরিষ্কার করান। প্রচণ্ড গরমে আমরা অনেকেই জ্ঞান হারিয়ে ফেলি।’

এ ব্যাপারে সাটুরিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মামুন উর রশিদ বলেন, গরমে পানিশূন্যতা হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। এখানে ৫০ জন ছাত্রী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। ১০ জনের মতো মানিকগঞ্জ সদর হাসপাতালে, বাকি ছাত্রীরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিুকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাটুরিয়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে বিদ্যালয়ে একটি সভা করব। তখন বিষয়টি তদন্ত করে দোষী শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার মিঞা বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে একটি সভা করেছি। আরেকটি সভা করে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক কাজ করব। বুধবার বিকাল ৪টা পর্যন্ত কোনো অভিভাবক লিখিত অভিযোগ করেননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..