যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে শিক্ষক কারাগারে

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে শিক্ষক কারাগারে

 নিজস্ব প্রতিবেদক: যৌতুকের জন্য তিন লাখ টাকা দাবি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক নির্যাতন এবং এর জেরে গর্ভপাত ঘটানোর অভিযোগে জমিরুল ইসলাম আলেক (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

কারাগারে পাঠানো অভিযুক্ত জমিরুল ইসলাম আলেক দক্ষিণ সুরমা থানার গোয়ালগাঁও গ্রামের চিকন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দক্ষিণ সুরমা থানায় সিআর মামলা নং-২০২/২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ১১(গ) ধারা এবং দণ্ডবিধির ৩১৩ ধারা যুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগ ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন অভিযুক্ত স্বামী। একপর্যায়ে ওই নারী চার সপ্তাহের অন্তঃসত্ত্বা হন এবং শারীরিক অসুস্থতার কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৫ মে অভিযুক্ত জমিরুল ইসলাম স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে মুরগির খামারে বিনিয়োগের জন্য তিন লাখ টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তলপেটে লাথি মারা হয়। এতে তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে গর্ভপাতের বিষয়টি ধরা পড়ে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার আগে ৬ মে ২০২৫ তারিখের আলট্রাসনোগ্রাফি রিপোর্টে বাদিনীর গর্ভে চার সপ্তাহ ছয় দিনের ভ্রূণের উপস্থিতি ছিল। পরবর্তীতে ১৭ মে ২০২৫ তারিখের আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ (Incomplete Abortion) উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলা এবং চিকিৎসাপত্র যাচাইয়ের পর তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম তেওয়ারী যৌতুকের দাবিতে মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযুক্ত জমিরুল ইসলাম আলেক গত ২৪ নভেম্বর সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলি-২ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে সালিশি বৈঠক ও মানবাধিকার কার্যালয়ে গিয়ে নিজেকে একাধিক মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে। আট-দশটি মামলা আদালতে পরিচালনার অভিজ্ঞতা দাবি করে তিনি সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ উঠেছে। এমনকি সালিশি ও মানবাধিকার কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অতীতে স্পর্শকাতর নির্যাতনমূলক আচরণের একাধিক অভিযোগের বিষয়েও স্বতন্ত্র তদন্ত ও সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

এ বিষয়ে অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকরা মনে করেন, শিক্ষকতা একটি মহান পেশা; এ পরিচয়ের আড়ালে কোনো অপরাধের দায়মুক্তি থাকা উচিত নয়। যৌতুক, নারী নির্যাতন ও শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত প্রতিটি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..