গোয়াইনঘাটে ব্যাংক লোন ও বিদেশের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও বিদেশের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে এক রাজনৈতিক নেতাসহ দুজনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

গত ৩ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত নং-১০)-এ মামলাটি দায়ের করেন গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার বাসিন্দা মো. মঙ্গল মিয়া।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মো. আবুল হাশেমকে এবং তার সহযোগী হিসেবে নাম রয়েছে তার ছেলে গোলাম রাব্বীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত আবুল হাশেম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় বসবাস করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল হাশেম ঢাকা থেকে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দি বেড়াতে আসেন। ওই সময় পীরের বাজার থেকে বাদী মঙ্গল মিয়ার নৌকা ভাড়া করে পর্যটন কেন্দ্রে যান তিনি। ঘোরাঘুরি শেষে ফেরার পথে নামাজ পড়ার কথা বলে তিনি মঙ্গল মিয়ার বাড়িতে আসেন। এই সুযোগেই মঙ্গল মিয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এর ঠিক এক সপ্তাহ পর তিনি পুনরায় মঙ্গল মিয়ার বাড়িতে আসেন।
পরিচয় গভীর হওয়ার পর আবুল হাশেম নিজেকে একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে মঙ্গল মিয়া ও তার পরিবারের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে তিনি ব্যবসার জন্য ১০৬ কোটি টাকার ব্যাংক লোন পাইয়ে দেওয়ার বড় ধরনের আশ্বাস দেন।
পরবর্তীতে কৌশল পরিবর্তন করে তিনি মঙ্গল মিয়ার ছেলেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখান। এসব কাজের কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে মোট আট লাখ টাকা দাবি করেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব খুলে তাতে স্বাক্ষরিত ফাঁকা চেকের পাতা জমা দেওয়ার শর্ত দেন।
তার কথামতো ভুক্তভোগী মঙ্গল মিয়া সিলেটের জিন্দাবাজার শাখায় নিজের ও ছেলের নামে দুটি এবং তার স্ত্রীর নামে জনতা ব্যাংকে আরেকটি ব্যাংক হিসাব খুলে তিনটি স্বাক্ষরিত চেকের পাতা আসামির হাতে তুলে দেন। পরবর্তীতে কোনো কাজ না করে উল্টো টাকা ও চেক আত্মসাৎ করে প্রতারণা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, পরে ওই ব্যাংক চেক ব্যবহার করে ঢাকার সিএম আদালতে মঙ্গল মিয়া ও তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলায় নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন ভুক্তভোগী মঙ্গল মিয়া ও তার ছেলে।
মামলার শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) ঘটনাটি সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..