সিলেটে প্রবাসীর স্ত্রীকে মারধর, ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬

সিলেটে প্রবাসীর স্ত্রীকে মারধর, ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় কানাডাপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী সেতু বেগমকে মারধর ও তাঁর বড় ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। গত রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শুড়িগাঁও গ্রামে কামালের বন্ধু মোঃ ইশতিয়াক আহমেদ জাবেরের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহত সেতু বেগমকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

ভুক্তভোগী সেতু বেগমের অভিযোগ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোঃ নোমান হোসেন, আবদুস সোবহান, মোঃ রানা মিয়া ও সোহেল আহমেদ আট থেকে দশজন সহযোগী নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ওই বাড়িতে প্রবেশ করেন। সেখানে সেতু বেগম তাঁর তিন সন্তানকে নিয়ে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে নোমান তাঁর বড় ছেলে আদনান হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

সেতু বেগম বলেন, “ওরা আমার বড় ছেলেকে জোর করে নিয়ে যেতে চাইলে আমি বাধা দিই। তখন আমাকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। প্রতিবেশীরা এগিয়ে না এলে হয়তো আমার ছেলেকে নিয়ে যেত। এখন সন্তানদের নিরাপত্তা নিয়ে খুব ভয় পাচ্ছি।”

বাড়ির মালিক মোঃ ইশতিয়াক আহমেদ জাবের বলেন, “হামলাকারীরা জোর করে বাড়িতে ঢুকে সেতু বেগমকে মারধর করে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁদের সহায়তায় আহত সেতু বেগমকে হাসপাতালে নিয়ে যাই।”

প্রতিবেশী তরিকুল হাসান বলেন, “চিৎকার শুনে কয়েকজন মিলে বাড়িতে গিয়ে দেখি একজন নারী আহত অবস্থায় রয়েছেন। লোকজন জড়ো হওয়ায় হামলাকারীরা চলে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।” পরে আহত সেতু বেগমকে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি এক দিন ভর্তি থেকে চিকিৎসা নেন।

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন ২০২৩ সালে মোহাম্মদ মোতচ্ছির হত্যা মামলার প্রধান প্রত্যক্ষদর্শী সাক্ষী হন। ওই বছরের ১২ এপ্রিল নিহতের বাবা মোহাম্মদ আবুল খায়ের নোমান হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরিবারের অভিযোগ, হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে কামালকে একাধিকবার মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর তিনি কানাডায় চলে যান। তবে তাঁর অনুপস্থিতিতেও পরিবারের ওপর হুমকি ও হয়রানি অব্যাহত থাকে।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের জানুয়ারিতে নোমান ও তাঁর কয়েকজন সহযোগী স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এরপর থেকে হত্যা মামলার সাক্ষীর তালিকা থেকে কামালের নাম প্রত্যাহারের জন্য তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।

সেতু বেগমের অভিযোগ, হামলার পর দক্ষিণ সুরমা থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে মোঃ নোমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..