গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল হত্যার ঘটনায় আটক ১

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল হত্যার ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে মোবাইল ফোনে ডেকে নিয়ে বদরুল আলম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ও ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিনুর রশিদ (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে এবং গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একটি ফোন পেয়ে এক সহযোগীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী গোরাগ্রাম এলাকায় যান বদরুল। পরে ভোর ৫টার দিকে পরিবারের কাছে ফোন আসে যে তাদের ওপর ১০-১৫ জনের একটি দল হামলা চালিয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন গোরাগ্রামের বন্দরবাড়ি মসজিদের পাশের রাস্তা থেকে বদরুল ও তার সঙ্গে থাকা সাদেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী সাদেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক বড় অংকের টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া জানান, বদরুলের সঙ্গে ব্যবসায়িক কাজের বেশ কিছু টাকা ছিল। মূলত টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

আহত সঙ্গী সাদেক বলেন, “আমরা একটি জায়গায় টাকা আনতে গিয়েছিলাম। টাকা নিয়ে ফেরার পথে গোরাগ্রামের শাহীন ও তার ভাইয়েরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমি পালিয়ে বাঁচলেও তারা বদরুলকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।”

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোয়াইনঘাটে চাঞ্চল্যকর বদরুল হত্যার অন্যতম সন্দেহভাজন হিসেবে আমিনুর রশিদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত আমিনুর রশিদ গোয়াইনঘাট থানাধীন গোরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..