সিলেটে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পরিবেশ অধিদপ্তর, মালিকদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

সিলেটে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পরিবেশ অধিদপ্তর, মালিকদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ জামাল উদ্দিন :: প্রধানমন্ত্রীর পরিবেশদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথ ভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ। সভায় গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক অংশ নেন।
সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বৈধ লাইসেন্স ও অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, নির্গমন নিয়ন্ত্রণ এবং ভাটার অবস্থান ও দূরত্বসংক্রান্ত আইনগত শর্তগুলো তুলে ধরেন।
এ সময় তিনি ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ও আধুনিক প্রযুক্তিনির্ভর নির্মাণসামগ্রীর উৎপাদনে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকেরা কয়লার মূল্য, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, দূরত্বসংক্রান্ত শর্ত শিথিল এবং প্রযুক্তিগত রূপান্তরের জন্য সময় দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্লক ইট উৎপাদনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আইন মেনে পরিবেশ সম্মতভাবে ইটভাটা পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..