জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দলীয় কার্যক্রমে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দলীয় কার্যক্রমে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক জরুরি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহানকে দলীয় সকল কার্যক্রম থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাকে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৯টায় স্থানীয় চিকনাগুল বাজারে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অতীতের দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় ৫ আগস্ট-পরবর্তী সময়ে মো. শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা।

সভায় উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—চিকনাগুল হাই স্কুলে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণে চাঁদাবাজির অভিযোগ; সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের টেন্ডার বাণিজ্য নিয়ে চাঁদাবাজির অভিযোগ; গত ঈদুল আজহায় একটি ইসলামিক সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য দেওয়া কোরবানির গরু বিতরণ না করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করার অভিযোগ।

এ ছাড়া আসন্ন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রভাব খাটিয়ে ইউনিয়ন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে প্রেরিত তালিকা নিয়ে নিজে উপস্থিত হয়ে নিজের লোক নিয়োগের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সম্পন্ন করার অভিযোগও সভায় উত্থাপন করা হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, এসব কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করেন। এ পরিস্থিতিতে দলীয় বিশৃঙ্খলা এড়ানো এবং দলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় উপস্থিত অনেক নেতৃবৃন্দ মো. শাহজাহানকে দলীয় সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণার প্রস্তাব দেন। পরে উপস্থিত সদস্যদের জোরালো সমর্থনে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

একই সঙ্গে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল কার্যক্রম থেকে মো. শাহজাহানকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানানো হয়।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পত্রে স্বাক্ষর করেন চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মছদ্দর আলী মেম্বার,উপজেলা বিএনপি নেতা শামসুজ্জামান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক শেখ রাদেক আহমেদ, বিএনপি নেতা মঈনুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, মো. আব্দুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, “এ বিষয়ে সাংগঠনিকভাবে একটি দাওয়াও করা হয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৈঠকের আয়োজন করে সভায় উপস্থিত সবার স্বাক্ষর অনুযায়ী রেজুলেশন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম থেকে তাকে বঞ্চিত ঘোষণা করা হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার স্বার্থেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের কারণে যাতে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান। তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে স্বাক্ষর আদায়ের পর তার বিরুদ্ধে কথিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিকভাবে যা করা যায়, তিনি তা করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..