সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে প্রবল বাতাস, প্রচণ্ড শব্দে বজ্রপাত ও ভারী বর্ষণের ফলে ফেঞ্চুগঞ্জ-বিয়ানীবাজার ১৩২ কেভি (১,৩২,০০০ ভোল্ট) সঞ্চালন লাইনে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে বিয়ানীবাজার গ্রীড উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে সিলেটের ৮টি উপজেলার ওপর।
গ্রীড বিপর্যয়ের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, দরবস্ত, শেওলা ও আলীনগর।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় সঞ্চালন লাইনে ফল্ট দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পরপরই গ্রীডের কারিগরি বিশেষজ্ঞ দল ১৩২ কেভি লাইনের ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেই কর্মীরা দ্রুত বিদ্যুৎ সেবা সচল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ গোয়াইনঘাট সাব-জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মোঃ সহিদুল ইসলাম জানান, “বিয়ানীবাজার গ্রীডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই গোয়াইনঘাটসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোর ৩৩ কেভি ফিডারে সংযোগ দেওয়া সম্ভব হবে। কারিগরি টিম মাঠে কাজ করছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। সেই সাথে কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd