সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার মো. শফিকুল ইসলাম খান (বিপি)। মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, দ্রুত মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনন্য সাধারণ ভূমিকা রাখায় জেলা পুলিশ তাকে এই সম্মাননায় ভূষিত করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ডি. এম. হাসিবুল বেনজির এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান (পিপিএম-সেবা) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শুধু ওসি শফিকুল ইসলাম নন, একই সঙ্গে কোম্পানীগঞ্জ থানার আরও দুই পুলিশ কর্মকর্তা নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, সাহসিকতা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় ‘শ্রেষ্ঠ এসআই’ হয়েছেন এসআই আমিরুল ইসলাম। অন্যদিকে, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্য দেখিয়ে ‘শ্রেষ্ঠ এএসআই’ নির্বাচিত হয়েছেন এএসআই নোমান মিয়া। এক থানায় তিন কর্মকর্তার এমন অর্জন জেলা পুলিশের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
এই প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, “যেকোনো পুরস্কারই কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, এটি থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পুলিশ সুপারের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পুলিশকে ব্যবহার করে কেউ যাতে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি হতে দেব না, তবে প্রকৃত অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই।” এই সাফল্য তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে উৎসর্গ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ক্লুলেস মামলার রহস্য উন্মোচন এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখায় ওসি শফিকুল ইসলামকে এই সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বাধীন কোম্পানীগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় স্থানীয় সচেতন মহলেও প্রশংসার জোয়ার বইছে। এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা আগামী দিনেও অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd