সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছাতক প্রতিনিধি :: বিদেশে ভালো বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে সিলেট বিভাগে আবারও সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ংকর দালালচক্র। কোরিয়া ও সাইবেরিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০ জন বিদেশগামীর কাছ থেকে পাসপোর্টসহ এক কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে। প্রতারণার শিকার পরিবারগুলো এখন সর্বস্বান্ত হয়ে চরম দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম খান কুলাউড়া উপজেলার রাউৎগাঁও উত্তর গ্রামের আরজান আলী খানের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ঢাকার নয়াপল্টন, যাত্রাবাড়ী, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ‘ট্রাভেলস ব্যবসা’র নামে অফিস খুলে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছেন। ২০২৩ ও ২০২৪ সালে কোরিয়া ও সাইবেরিয়ার ভুয়া ভিসা দেখিয়ে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসনাকান্দি গ্রামের হেলাল আহমদের মাধ্যমে ২০ জন যাত্রী সাইফুলের কাছে পাসপোর্ট ও টাকা জমা দেন। ভুক্তভোগীরা জানান, জনপ্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে মোট এক কোটি টাকারও বেশি সাইফুলকে দেওয়া হয়। বিদেশ যাওয়ার ঠিক আগমুহূর্তে অনলাইনে ভিসা যাচাই করতে গিয়ে দেখা যায়, সবগুলো ভিসাই জাল।
ভুক্তভোগী আবু সুফিয়ান, সফিউল আলম সুমেল ও মো. সাব্বির আহমদসহ অন্যরা জানান, তারা জমি বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে এই টাকা দিয়েছিলেন। এখন ঋণের সুদের বোঝা টানতে টানতে তারা পথে বসার উপক্রম হয়েছেন।
টাকা ফেরত চাইলে সাইফুল ইসলাম খান নানা অজুহাত ও হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হেলাল আহমদ জানান, “আমাদের জীবনের সঞ্চয় শেষ। টাকা চাইলে সে ঢাকার বড় নেতার ভয় দেখায়, এমনকি গুম ও হত্যার হুমকিও দেয়।” এ নিয়ে ঢাকা ও কুলাউড়ায় একাধিকবার সালিস বৈঠক হলেও সাইফুল টাকা ফেরত না দিয়ে বারবার গা-ঢাকা দিচ্ছেন।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাইফুল বারবার সময় নিয়েও টাকা ফেরত দিচ্ছে না। ভুক্তভোগীরা এখন আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।” এলাকাবাসীর দাবি, এই প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার না করলে আরও অনেক সহজ-সরল মানুষ নিঃস্ব হবে।
ভুক্তভোগীরা গত সোমবার রাতে বিস্তারিত নথিপত্রসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তাদের হারানো টাকা উদ্ধার এবং প্রতারক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd