সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মোগলাবাজার থানার নৈখাই গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও তাঁর বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার (২২ জুন) নৈখাই নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নৈখাই গ্রামের আব্দুস শহীদ (২৭) ও তাঁর বড় ভাই সোহাগ মিয়া (৪০)। তাঁরা মৃত আত্তর আলীর ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। পরবর্তীতে তাঁদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও তাঁর বড় ভাই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ ২০২৫ সালের ৫ জুন রাতে বাবার বাড়ি থেকে ১৭ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয় এবং একপর্যায়ে গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
পরে বিষয়টি নিয়ে মোগলাবাজার থানায় অভিযোগ করা হয়। এরপর সিলেট জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা কার্যকর করে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd