সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার ফলে বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক প্রবাসী যাত্রী। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিনরাত তৎপরতা চালিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল হতে শুরু করে। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে অবস্থান করছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত বিমানবন্দরে ছুটে যান। সন্ধ্যার দিকে যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দিলেও, রাত ১০টার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। মন্ত্রী নিজে রাতভর বিমানবন্দরে উপস্থিত থেকে তার সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে যাত্রীদের সার্বিক সহায়তা প্রদান করেন।
সাধারণত মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশই শ্রমিক। এ ধরনের পরিস্থিতিতে তারা যাতে কোনো বড় ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। অতীতে সংকটের সময় একদল অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করলেও, এবার মন্ত্রী ও মন্ত্রণালয়ের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
তবে এখনো যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। অনেক ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তি পুরোপুরি কাটেনি। এ বিষয়ে যাত্রীদের পক্ষ থেকে দাবি উঠেছে, যাতে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগের টিকিটেই দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা মন্ত্রীকে তাদের পাশে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। অনেক যাত্রী জানান, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে একজন মন্ত্রীকে তাদের মাঝে উপস্থিত থাকতে দেখে তারা অনেক বেশি আশ্বস্ত বোধ করেছেন। যাত্রীদের মতে, এমন দুঃসময়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত তদারকি ও সাহস যোগানো তাদের দুর্ভোগ লাঘবে বড় ভূমিকা রেখেছে। তারা মন্ত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd