সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::সিলেট: সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এমাদ আহমদ সানিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আল্টিমেটাম দিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল। গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার এক স্থানে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ এবং তার ছেলে ছাত্রলীগ নেতা এমাদ আহমদ সানি ক্ষমতার অপব্যবহার করে এলাকার সাধারণ মানুষসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছেন। তাদের বিরুদ্ধে জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই পিতা-পুত্র আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত ১৪ জানুয়ারি সানির পিতা আব্দুল আহাদকে গহরপুর এলাকায় তার বোনের বাসা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্র-জনতা। তবে সানি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমাদ আহমদ সানিকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd