জনগণের ভালোবাসা পেতে হলে তাদের মূল্যায়ন করুন: রাষ্ট্রপতি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

জনগণের ভালোবাসা পেতে হলে তাদের মূল্যায়ন করুন: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি জনগণের জন্য তার সুফল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।

 

বৃহস্পতিবার কিশোরগঞ্জের হাওড় উপজেলার ইটনায় এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

 

এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা-ও নিশ্চিত করতে হবে।

 

রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

 

তিনি বিকালে ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম মিলনায়তনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

 

সন্ধ্যায় তিনি অপর হাওড় উপজেলা অষ্টগ্রাম সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগদান করেন।

 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্য দেন।

 

জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ রাষ্ট্রপতির সচিব এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

 

বুধবার বিকালে তিন দিনের সফরে নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে পৈত্রিক নিবাসে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার দুপুরে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..