সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক,ক্রাইম সিলেটঃঃছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছাত্র সমাবেশে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি।
রবিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ নাঈম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নাঈমকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কৃতদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দেয়া হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গতকাল এই নির্দেশ দেন।
জানা যায়, ছাত্রদলের সমাবেশে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশন মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। এসময় ট্রাইপড রাখা নিয়ে সমাবেশে আগত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইউসুফ আলীকে মারধর করেন। পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও অন্য গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd