সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে মামলা আছে তিনটি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন তোপখানার আব্দুল করিম সাকিব ওরফে সাকিবুল হাসান ওরফে হীরা (৪২) এবং শাহপরান থানাধীন সিরাজনগরের (বাহুবল) ইমান আলী ওরফে মামুন মিয়া (৩০)। আব্দুল করিম বর্তমানে খাদিমপাড়ায় বসবাস করছিলেন।
মেজরটিলার বাসিন্দা মো. রুবেলের (৩৫) সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন আটক দুজন। রুবেলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের ঝিগলীতে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ধোপাদিঘীরপাড় এলাকায় মো. রুবেলকে ধারালো ছোরার ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন আব্দুল করিম ও ইমান আলী। তারা সিএনজি অটোরিকশাযোগে ছিনতাই করতে বের হয়েছিলেন। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া দিয়ে তাদেরকে আটক করেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ কয়েকজন পুলিশ সদস্য।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, মো. রুবেল বাদী হয়ে আজ মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, আব্দুল করিমের বিরুদ্ধে মহানগরীর বিমানবন্দর থানায় একটি, সুনামগঞ্জের সদর থানায় একটি ও ছাতক থানায় আরেকটি মামলা আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd