সিলেটের ডা. মঈন উদ্দিনের ত্যাগ জাতি মনে রাখবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

সিলেটের ডা. মঈন উদ্দিনের ত্যাগ জাতি মনে রাখবে: প্রধানমন্ত্রী

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাস কেড়ে নিয়েছে সিলেটের ডা. মঈন উদ্দিনের প্রাণ। আজ বুধবার ঢাকায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা পরিস্থিতি নিয়ে আজ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সমবেদনা কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি এই চিকিৎসকের পরিবারের পাশে থাকার কথাও বলেছেন। ডা. মঈনের পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা জ্ঞাপনের বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টি জানানোর পর তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আশ্বস্ত করেন যে, মরহুমের পরিবারের সব দায় দায়িত্ব সরকার নেবে।’

এদিকে, ডা. মঈনের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন ডা. মঈন উদ্দিন। নগরীর একটি বেসরকারি হাসপাতালেও রোগী দেখতেন তিনি। গত ৫ এপ্রিল তাঁর শরীরে করোনা ধরা পড়ে। তাঁকে নগরীর হাউজিং এস্টেটস্থ বাসায় আইসোলেশনে রাখা হয়। অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল ডা. মঈনকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু এ হাসপাতালের চিকিৎসাসেবায় সন্তুষ্ট ছিলেন না তিনি। ৮ এপ্রিল অ্যাম্বুলেন্সযোগে তিনি ঢাকায় গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁর সাথে স্ত্রী ডা. ইসরাত জাহান। সেখানে গত সোমবার থেকে অবস্থার অবনতি হয় ডা. মঈনের। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..