সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তাকে বহন করা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল বার্তা ২৪ এর অপরাধ বিষয় প্রতিবেদক শাহরিয়ার হাসান। শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডি-২৭ এর মোড়ে তার সাথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শাহরিয়ার।
তিনি আরো বলেন, ধাক্কা দেয়া ওই গাড়ির চালক অনুশোচনা না করে উল্টো ডিআইজির গরম দেখিয়ে বলেন, ‘সরি কী বলবো? মরে তো যাননি।’
এ বিষয়ে শাহরিয়ার আমার সংবাদকে বলেন, আমি বাইক চালিয়ে ধানমন্ডি থেকে অফিসে ফিরছিলাম। এসময় একটি পাজেরো গাড়ি আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইক নিয়ে আমি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাই। পরে উঠে দাঁড়াতেই দেখি গাড়িটা দ্রুতগতিতে চলে যাচ্ছে। বাইক স্টার্ট দিয়ে দ্রুত পাজেরো গাড়িটির গতিরোধ করি।’
এসময় চালককে নামতে বললে তিনি বলেন- ‘রাস্তা ছেড়ে সরে যান।’ পরে পুলিশের পোশাক পরা একজন গাড়ি থেকে নেমে বলেন, কী হয়েছে? আমি বলি গাড়ির ভেতরে কে আছে তাকে নামতে বলুন। এমনভাবে গাড়ি চালাচ্ছেন আমি তো এখনই মরে যাচ্ছিলাম। ধাক্কা দিয়ে ফেলে দিলেন, দুঃখ প্রকাশ তো করতে পারতেন।
চালক (পুলিশের পোশাক পরা) উত্তরে বলেন, ‘সরি কী বলবো। মরে তো যাননি। ভেতরে ডিআইজি স্যার। রাস্তা ছাড়েন।’ এই বলে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
শাহরিয়ার আরো বলেন, ঘটনার বেশ কিছু সময় পর গাড়ি থেকে পুলিশ কর্মকর্তার একজন ব্যক্তিগত অফিসার বেরিয়ে আমার বাইকের ছবি তুলে ওই কর্মকর্তা বলেন, ‘রাস্তা ছাড়েন ভাই। ডিআইজি স্যার বসে আছেন।’
এসময় গাড়িটির চালক উল্টো বলেন, ‘ক্ষতিপূরণ দেন। না হয় ট্র্যাফিক ডাকি।’
ওই সাংবাদিক বলেন, আমি বলি- ‘ডিআইজি তো কী হয়েছে। গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবেন? একটা সরি পর্যন্ত বলবেন না? নামতে বলেন, তার মুখটা দেখি।’
তখন আবারো আমাকে বলা হয়, ‘স্যার বিরক্ত হচ্ছেন ভাই, রাস্তা ছাড়েন।’
পরে আঘাতপ্রাপ্ত পায়ে তীব্র ব্যাথা অনুভব হওয়ায় তাদের গাড়িটি ছেড়ে দেন শাহরিয়ার।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ দুঃখজনক। আমরা গাড়ির নম্বর পেয়েছি। ওই গাড়িতে কে ছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আসলেই ওই গাড়িতে ডিআইজি ছিলেন নাকি সে বিষয়টিও আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd