সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের পীরের দুই ছেলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গত কয়েক বছর ধরে ক্ষমতা ও জায়গা জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলেও বর্তমানে তা মাথাচারা দিয়ে উঠেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
স্থানীয় এক সূত্র জানায়, বিশ্বজাকের মঞ্জিল সংলগ্ন একটি হেলিপ্যাড সেই এরশাদ সরকারের আমল থেকে রয়েছে। এরপর এক ভাই মাত্র কয়েক’শ গজ দূরে ফরিদপুর স্পিনিং মিল অভ্যন্তরে আরও একটি হেলিপ্যাড তৈরির চেষ্টা করলে দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বাধ্য হয়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সূত্র জানায়, আটরশী হুজুরের বড় সন্তান মাহফুজুল হক মুজাদ্দেদীর আম মোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) বলে জনৈক শহিদুল ইসলাম শাহিন বাদী হয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে একটি মামলা করেন। মামলায় জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
এদিকে ওই মামলার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর থেকে ফরিদপুর স্পিনিং মিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, আটরশীর পীরের মেঝ সন্তান ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর অনুসারীরা গত সপ্তাহে ফরিদপুর স্পিনিং মিলে একটি হেলিপ্যাড তৈরি করতে যায়। এ সময় সেখানে আটরশী হুজুরের স্থলাভিষিক্ত মাহফুজুল হক মোজাদ্দেদীর অনুসারীরা বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
আটরশী হুজুরের দুই সন্তানের মধ্যে মাহফুজুল হকের (মিয়া ভাইজান) অনুসারীরা বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপ আর মেঝ সন্তান এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল তার অনুসারীরা জাকের পার্টির ব্যানারে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
এ ঘটনায় কর্মী গ্রুপ ও জাকের পার্টির মধ্যে কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনা চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd