দিরাইয়ে ছাত্রদল নেত্রীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ: অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ইরিনজাহানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ সম্পদ লুট করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, দুপুরে ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী দলে বাড়িতে প্রবেশ করে ইরিন জাহানের অনুপস্থিতিতে প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ সব মালামাল ভাঙচুর করে। পরে তারা ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে থাকা প্রায় ৫ লক্ষ টাকা নগদ অর্থ ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। পুরো ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় ইরিনজাহান ও তার পরিবারের কেউ বাসায় উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর মধ্যেই ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ভুক্তভোগী ছাত্রদল নেত্রী ইরিনজাহান বলেন, “আমাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্যই এই হামলা। আমাকে না পেয়ে দুর্বৃত্তরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ি পোড়ানোর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, প্রয়োজনে তা তদন্তের স্বার্থে আমি জমা দেব।”এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, “দলীয় কর্মীরা দেশে প্রতিনিয়ত রাজনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। ইরিন জাহানের উপর হামলাটিও রাজনৈতিক প্রতিহিংসারই ধারাবাহিকতা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ইরিন জাহানের বাবা মোঃ মহিবুর রহমান জানান, “আমার মেয়ের রাজনৈতিক অবস্থানের কারণে তার অনেক শত্রু তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এমনকি দিরাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।”

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের মতে, এই ঘটনাটি কেবল একটি পারিবারিক হামলা নয়; এটি দিরাই অঞ্চলে চলমান রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..