সিলেটে এক সপ্তাহেও অধরা দোকান চুরির আসামিরা!

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

সিলেটে এক সপ্তাহেও অধরা দোকান চুরির আসামিরা!

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিলেনিয়াম মার্কেটের দুুটি দোকানে চুরির ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হয়নি চুরি হওয়া নগদ টাকা ও মালামাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

বিগত ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিলেনিয়াম মার্কেটের ৭নং মোবি হাট ও ২২নং সেলটেক মোবাইল ফোনের দোকান চুরির ঘটনা ঘটে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সংঘবদ্ধ চক্রের সদস্যরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা ও ৩৩৯টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার এক সপ্তাহ পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

 

খবর পেয়ে ওইদিন বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছিল সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ও ডিবি পুলিশ।

 

পুলিশ বলছে- সিসিটিভির ফুটেজ দেখে বিভিন্ন মাধ্যমে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে। চক্রের সদস্যরা পলাতক থাকার কারণে তাদের আটক করতে বিলম্ব হচ্ছে।

 

সূত্রে জানায়- মার্কেটে দোকান চুরির ঘটনায় জড়িতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্র।তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় এরকম ঘটনা ঘটিয়েছে।ঘটনার আগের দিন ৮ অক্টোবর ওই মার্কেটে ঘুরাঘুরি করতে দেখা গেছে এবং ওই দুটি দোকানেও চক্রটির সদস্যরা গিয়েছিল।এমন কয়েকটি চিত্র বার্তা ২৪ ডটকম’র কাছে এসেছে।

 

এদিকে, এ ঘটনায় দুটি দোকানের মালিক বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। সেলটেক দোকানের মালিক নোমান আহমদ বাদী হয়ে গত ১১ অক্টোবর ৮/৯ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২৩। একই ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন মোবি হাট দোকানের মালিক রুমেল আহমেদ সজল। মামলা নং- ২১।

 

মামলা সূত্রে জানা গেছে- সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ৮/৯ জন মিলেনিয়াম মার্কেটের ০৭ নং ও ২২ নং দোকানে চুরি করে। চোর চক্রটি দুই দোকানের সাটার কৌশলে খুলে দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স সংরক্ষিত নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সেলটেক মোবাইল ফোনের দোকান থেকে নগদ আড়াই লাখ টাকা ও বিভিন্ন ব্রান্ডের ১০৪টি মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্র। যার বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা। একইভাবে মোবি হাট দোকান থেকে নগদ ৫ লাখ টাকা ও ২৩৫টি মোবাইল নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনাকালে মার্কেটের সুপার ভাইজার জনৈক সেলিমকে (৫০) অজ্ঞাতনামা আসামীদের সাথে কথা বলতে দেখা যায় বলে মামলা দুটিতে উল্লেখ করা হয়।

 

অনুসন্ধানে জানা গেছে- ঘটনার সাথে সম্পৃক্ত একজনের নাম রাফসান খান ওরফে আবুল খায়ের হৃদয়। তার বাড়ি কুমিল্লা জেলায়। ঘটনার আগের দিন দুপুর ১২টার দিকে সেল টেক দোকানের সামনে তাকে দেখা যায়। একই দিন হৃদয়ের সাথে ছিল বাদশা নামে আরেকজন। তার বাড়ি চট্টগ্রামে। চুরির ঘটনার দিন সিসিটিভি ফুটেজেও তাদের দেখা যায়। তারা দুজনেই দেশের বিভিন্ন স্থানে চুরি ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত আরেকজনের নাম হচ্ছে মোটা শাহীন। সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহীন সেলটেক মোবাইলের দোকান থেকে ব্যাগ নিয়ে বের হচ্ছে। তার বাড়িও কুমিল্লায়।

 

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের দুই কর্মকর্তা জানান- সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

 

ঘটনার ১ সপ্তাহ পরও কোনো আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী নোমান আহমদ ও রুমেল আহমেদ সজল।

 

তারা বলছেন- ৭ দিন হয়ে গেছে কিন্তু প্রশাসন আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে আসামিদের এখনো আটক করতে পারেনি। এরকম যদি হয় আজ আমাদের দোকানে এমন ঘটনা ঘটেছে কাল অন্য কারো দোকানে হতে পারে। চোর চক্রটি ধরে আইনের আওতায় নিয়ে এসে মালামাল উদ্ধারের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

 

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অন্তবর্তীকালীন কমিটির সদস্য শাহ জাকের আহমদ বলেন, দিন-দুপুরে এই রকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের ব্যবসা করা কষ্টসাধ্য হয়ে যাবে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যতদ্রুত সম্ভব জড়িতদের আটকরে আইনেও আওতায় নিয়ে আসার জন্য।

 

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার), পিপিএম বলেন- ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। পুলিশের সাইবার টিম, ডিবি, সিআইডি, পিবিআইসহ বেশ কয়েকটি ইউনিট জড়িতদের আটকে কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে তাদের আটক করা সম্ভব হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..