সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: টানা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়েছে সিলেট। পানিতে নিচতলা তলিয়ে গেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এই হাসপাতালের চিকিৎসক অরূপ রাউৎ জানান, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং সকল ছাত্রাবাসের নিচতলা অবধি পানি উঠে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ভোর পাঁচটা থেকে তিনটে পর্যন্ত জলাবদ্ধতার কারণে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এতে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে রোগীরা। হাসপাতালের সামনের সড়কও জলের নিচে। হাঁটু পানি ভেঙেই ডাক্তাররা ডিউটিতে এসেছেন। নিচতলায় প্রশাসনিক ব্লকের প্রতিটি অফিসের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। পানি প্রবেশ করলেই হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। হাসপাতালে বার বার পানি ঢুকে পড়ার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনকে দায়ি করছেন সংশ্লিষ্টরা।
নগরের বেশিরভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে। সড়ক, বাসাবাড়ি, দোকান পাট সব পানিতে একাকার। পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়ও।
তিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয় ভারী বর্ষণ। শুক্রবার রাত থেকেই পানি ঢুকতে শুরু করে নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে। শনিবার সকালের মধ্যে তলিয়ে যায় নগরের বেশিরভাগ এলাকা।নগরের অন্যতম উঁচু এলাকা শাহী ঈদগাহ। শুক্রবার রাতেই এই এলাকার বেশিরভাগ বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমলে পানি নেমে যাবে।তিনি বলেন, ড্রেন নালা পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। এছাড়া সুরমা নদী খনন করানো জরুরি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd