সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সারা দেশে গত কয়েক দিন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সিলেট-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজ শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় হয়েছে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত।
এদিকে, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd